রবীন্দ্রনাথ ঠাকুর
একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায়
আগন্তুক! রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ
সূর্য-নক্ষত্রের সাথে ৷ দূর আকাশের ছায়াপথে
যে আলোক আসে নামি ধরণীর শ্যামল ললাটে
সে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণ
সখ্যডোরে দ্যুলোকের সাথে; দূর যুগান্তর হতে
মহাকালযাত্রী মহাবাণী পুণ্য মুহূর্তেরে তব
শুভক্ষণে দিয়েছে সম্মান; তোমার সম্মুখদিকে
আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে—
সেথা তুমি একা যাত্রী, অফুরন্ত এ মহাবিস্ময় ৷ ৷
শান্তিনিকেতন
১৯ ডিসেম্বর ১৯৩৭
[:৪ পৌষ ১৩৪৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন