রবীন্দ্রনাথ ঠাকুর
রাজা করে রণযাত্রা; বাজে ভেরি, বাজে করতাল;
কম্পমান বসুন্ধরা! মন্ত্রী ফেলি ষড়যন্ত্রজাল
রাজ্যে রাজ্যে বাধায় জটিল গ্রন্থি ৷ বাণিজ্যের স্রোত
ধরণী বেষ্টন করে জোয়ার-ভাঁটায় ৷ পণ্যপোত
ধায় সিন্ধুপারে-পারে ৷ বীরকীর্তিস্তম্ভ হয় গাঁথা
লক্ষ লক্ষ মানবকঙ্কালস্তূপে; ঊর্ধ্বে তুলি মাথা
চূড়া তার স্বর্গ-পানে হানে অট্টহাস ৷ পণ্ডিতেরা
আক্রমণ করে বারম্বার পুঁথির-প্রাচীর-ঘেরা
দুর্ভেদ্য বিদ্যার দুর্গ; খ্যাতি তার ধায় দেশে দেশে ৷ ৷
হেথা গ্রামপ্রান্তে নদী বহি চলে প্রান্তরের শেষে
ক্লান্ত স্রোতে ৷ তরীখানি তুলি লয়ে নববধূটিরে
চলে দূর পল্লি-পানে ৷ সূর্য অস্ত যায় ৷ তীরে তীরে
স্তব্ধ মাঠ ৷ দুরু দুরু বালিকার হিয়া ৷ অন্ধকারে
ধীরে ধীরে সন্ধ্যাতারা দেখা দেয় দিগন্তের ধারে ৷ ৷
[:খড়দহ:] ১২ মাঘ [:১৩৩৮:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন