রবীন্দ্রনাথ ঠাকুর
ভাঙা দেউলের দেবতা,
তব বন্দনা রচিতে ছিন্না বীণার তন্ত্রী বিরতা—
সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা ৷
তব মন্দির স্থিরগম্ভীর ভাঙা দেউলের দেবতা!
তব জনহীন ভবনে
থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে ৷
যে ফুলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে,
সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে ৷ ৷
পূজাহীন তব পূজারি
কোথা সারাদিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি
গোধূলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভূখারি!
ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি ৷ ৷
ভাঙা দেউলের দেবতা,
কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা ৷
কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা,
শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন