রবীন্দ্রনাথ ঠাকুর
আমি পরানের সাথে খেলিব আজিকে মরণখেলা
নিশীথবেলা ৷
সঘন বরষা, গগন আঁধার
হেরো বারিধারে কাঁদে চারি ধার—
ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা;
বাহির হয়েছি স্বপ্নশয়ন করিয়া হেলা
রাত্রিবেলা ৷ ৷
ওগো, পবনে গগনে সাগরে আজিকে কী কল্লোল!
দে দোল দোল ৷
পশ্চাৎ হতে হাহা ক’রে হাসি
মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি,
যেন এ লক্ষ যক্ষশিশুর অট্টরোল ৷
আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল ৷
দে দোল দোল ৷ ৷
আজি জাগিয়া উঠিয়া পরান আমার বসিয়া আছে
বুকের কাছে ৷
থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া,
ধরিছে আমার বক্ষ চাপিয়া,
নিঠুর নিবিড় বন্ধনসুখে হৃদয় নাচে;
ত্রাসে উল্লাসে পরান আমার ব্যাকুলিয়াছে
বুকের কাছে ৷ ৷
হায়, এতকাল আমি রেখেছিনু তারে যতনভরে
শয়ন-’পরে ৷
ব্যথা পাছে লাগে—দুখ পাছে জাগে
নিশিদিন তাই বহু অনুরাগে
বাসরশয়ন করেছি রচন কুসুমথরে;
দুয়ার রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে
যতনভরে ৷ ৷
কত সোহাগ করেছি চুম্বন করি নয়নপাতে
স্নেহের সাথে ৷
শুনায়েছি তারে মাথা রাখি পাশে
কত প্রিয়নাম মৃদুমধুভাষে,
গুঞ্জরতান করিয়াছি গান জ্যোৎস্নারাতে;
যা-কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে
স্নেহের সাথে ৷ ৷
শেষে সুখের শয়নে শ্রান্ত পরান আলসরসে
আবেশবশে ৷
পরশ করিলে জাগে না সে আর,
কুসুমের হার লাগে গুরুভার,
ঘুমে, জাগরণে মিশি একাকার নিশিদিবসে
বেদনাবিহীন অসাড় বিরাগ মরমে পশে
আবেশবশে ৷ ৷
ঢালি মধুরে মধুর বধূরে আমার হারাই বুঝি,
পাই নে খুঁজি ৷
বাসরের দীপ নিবে নিবে আসে,
ব্যাকুল নয়নে হেরি চারি পাশে
শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি;
অতল স্বপ্নসাগরে ডুবিয়া মরি যে যুঝি
কাহারে খুঁজি ৷ ৷
তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা
রাত্রিবেলা ৷
মরণদোলায় ধরি রশিগাছি
বসিব দুজনে বড়ো কাছাকাছি,
ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা;
আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনখেলা
নিশীথবেলা ৷ ৷
দে দোল দোল ৷
দে দোল দোল ৷
এ মহাসাগরে তুফান তোল,
বধূরে আমার পেয়েছি আবার, ভরেছে কোল ৷
প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয়রোল ৷
বক্ষশোণিতে উঠেছে আবার কী হিল্লোল!
ভিতরে বাহিরে জেগেছে আমার কী কল্লোল!
উড়ে কুন্তল, উড়ে অঞ্চল,
উড়ে বনমালা বায়ুচঞ্চল,
বাজে কঙ্কণ বাজে কিঙ্কিণী— মত্তবোল ৷
দে দোল দোল ৷ ৷
আয় রে ঝঞ্ঝা, পরানবধূর
আবরণরাশি করিয়া দে দূর,
করি লুণ্ঠন অবগুণ্ঠন-বসন খোল ৷
দে দোল দোল ৷ ৷
প্রাণেতে আমাতে মুখোমুখি আজ
চিনি লব দোঁহে ছাড়ি ভয় লাজ,
বক্ষে বক্ষে পরশিব দোঁহে ভাবে বিভোল ৷
দে দোল দোল ৷
স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল ৷
দে দোল দোল ৷ ৷
রামপুর বোয়ালিয়া
১৫ চৈত্র ১২৯৯
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন