রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল—
বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল ৷
বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা—
যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না ৷ ৷
তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই—
দশের দলে টানি গো পাছে বিরূপ তুমি, বিমুখ তাই ৷
বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা—
যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চল না ৷ ৷
সবার চেয়ে অধিক চাহ, তাই কি তুমি ফিরিয়া যাও—
হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাসায়ে দাও?
বুঝেছি আমি, বুঝেছি তব ছলনা—
সবার যাহে তৃপ্তি হল তোমার তাহে হল না ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন