রবীন্দ্রনাথ ঠাকুর
আজিকে তুমি ঘুমাও— আমি জাগিয়া রব দুয়ারে,
রাখিব জ্বালি আলো ৷
তুমি তো ভালো বেসেছ, আজি একাকী শুধু আমারে
বাসিতে হবে ভালো ৷
আমার লাগি তোমারে আর হবে না কভু সাজিতে—
তোমার লাগি আমি
এখন হতে হৃদয়খানি সাজায়ে ফুলরাজিতে
রাখিব দিনযামী ৷ ৷
তোমার বাহু কত-না দিন শ্রান্তিদুখ ভুলিয়া
গিয়েছে সেবা করি,
আজিকে তারে সকল তার কর্ম হতে তুলিয়া
রাখিব শিরে ধরি ৷
এবার তুমি তোমার পূজা সাঙ্গ করি চলিলে
সঁপিয়া মনপ্রাণ,
এখন হতে আমার পূজা লহো গো আঁখি-সলিলে—
আমার স্তবগান ৷ ৷
শান্তিনিকেতন
২৩ পৌষ ১৩০৯
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন