রবীন্দ্রনাথ ঠাকুর
আজিকার দিন না ফুরাতে
হবে মোর এ আশা পুরাতে—
শুধু এবারের মতো বসন্তের ফুল যত
যাব মোরা দুজনে কুড়াতে ৷
তোমার কাননতলে ফাল্গুন আসিবে বারম্বার,
তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার ৷ ৷
বেলা কবে গিয়াছে বৃথাই
এতকাল ভুলে ছিনু তাই ৷
হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে
আমার সময় আর নাই ৷
তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম
ব্যাকুলসংকোচভরে বসন্তশেষের দিন মম ৷ ৷
ভয় রাখিয়ো না তুমি মনে—
তোমার বিকচ ফুলবনে
দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে
দিনশেষে বিদায়ের ক্ষণে ৷
চাব না তোমার চোখে আঁখিজল পাব আশা করি
রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণারসে ভরি ৷ ৷
ফিরিয়া যেয়ো না, শোনো শোনো—
সূর্য অস্ত যায় নি এখনো ৷
সময় রয়েছে বাকি, সময়েরে দিতে ফাঁকি
ভাবনা রেখো না মনে কোনো ৷
পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে
আরো কিছুখন ধ’রে ঝলুক তোমার কালো কেশে ৷ ৷
হাসিয়ো মধুর উচ্চহাসে
অকারণ নির্মম উল্লাসে—
বনসরসীর তীরে ভীরু কাঠবিড়ালিরে
সহসা চকিত কোরো ত্রাসে ৷
ভুলে-যাওয়া কথাগুলি কানে কানে করায়ে স্মরণ
দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ ৷ ৷
তার পরে যেয়ো তুমি চলে
ঝরা পাতা দ্রুতপদে দ’লে,
নীড়ে-ফেরা পাখি যবে অস্ফুট কাকলিরবে
দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে ৷
বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে
মিলাইবে গোধূলির বাঁশরির সর্বশেষ সুরে ৷ ৷
রাত্রি যবে হবে অন্ধকার
বাতায়নে বসিয়ো তোমার ৷
সব ছেড়ে যাব, প্রিয়ে, সমুখের পথ দিয়ে—
ফিরে দেখা হবে না তো আর ৷
ফেলে দিয়ো ভোরে-গাঁথা ম্লান মল্লিকার মালাখানি—
সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী ৷ ৷
বুয়েনোস এয়ারিস
২১ নভেম্বর ১৯২৪
[:৬ অগ্রহায়ণ ১৩৩১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন