রবীন্দ্রনাথ ঠাকুর
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়
ঝুমকো লতার চিকন পাতা কাঁপে রে কার চমকে-চাওয়ায় ৷
হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায় ৷ ৷
কাঁকন দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে!
সেই কাঁকনের ঝিকিমিকি পিয়াল-বনের শাখায় নাচে ৷
যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে,
তার সাথে মোর দেখা ছিল সেই যে কালের তরী-বাওয়ায় ৷ ৷
শিলাইদহ
২ চৈত্র ১৩২৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন