রবীন্দ্রনাথ ঠাকুর
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া ৷
যাত্রাপথের আনন্দ-গান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান-গাওয়া ৷
চায় না সে জন পিছন-পানে ফিরে,
বায় না তরী কেবল তীরে তীরে—
তুফান তারে ডাকে অকূল নীরে
যার পরানে লাগল তোমার হাওয়া ৷
পথে চলাই সেই তো তোমায় পাওয়া ৷ ৷
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথিক-চিত্তে তোমার তরী বাওয়া ৷
দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে
তার চাওয়া যে তোমার পানে চাওয়া ৷
বিপদ বাধা কিছুই ডরে না সে,
রয় না পড়ে কোনো লাভের আশে,
যাবার লাগি মন তারি উদাসে—
যাওয়া সে যে তোমার পানে যাওয়া ৷
পথে চলাই সেই তো তোমায় পাওয়া ৷ ৷
বেলা স্টেশন
২৫ আশ্বিন [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন