রবীন্দ্রনাথ ঠাকুর
রূপ-সাগরে ডুব দিয়েছি অরূপ-রতন আশা করি;
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী ৷
সময় যেন হয় রে এবার ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার,
সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি ৷
যে গান কানে যায় না শোনা সে গান যেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা-মাঝে ৷
চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে
নীরব যিনি তাঁহার পায়ে নীরব বীণা দিব ধরি ৷
রূপ-সাগরে ডুব দিয়েছি অরূপ-রতন আশা করি ৷ ৷
শান্তিনিকেতন
১২ পৌষ ১৩১৬
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন