রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখের আঁধার রাত্রি বারে বারে
এসেছে আমার দ্বারে;
একমাত্র অস্ত্র তার দেখেছিনু
কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গী যত—
অন্ধকারে ছলনার ভূমিকা তাহার ৷
যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস
ততবার হয়েছে অনর্থ পরাজয় ৷
এই হার-জিত খেলা, জীবনের মিথ্যা এ কুহক,
শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা—
দুঃখের পরিহাসে ভরা ৷
ভয়ের বিচিত্র চলচ্ছবি—
মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আঁধারে ৷ ৷
জোড়াসাঁকো ৷ কলিকাতা
বিকাল ৷ ২৯ জুলাই ১৯৪১
[:১৩ শ্রাবণ ’৪৮:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন