রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্তবায় সন্ন্যাসী হায়, চৈৎ-ফসলের শূন্য ক্ষেতে
মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে—
আয় রে ওরে মৌমাছি, আয়, চৈত্র যে যায় পত্রঝরা,
গাছের তলায় আঁচল বিছায় ক্লান্তি-অলস বসুন্ধরা ৷
সজনে ঝুলায় ফুলের বেণী, আমের মুকুল সব ঝরে নি,
কুঞ্জবনের প্রান্তধারে আকন্দ রয় আসন পেতে ৷
আয় রে তোরা মৌমাছি, আয়, আসবে কখন শুকনো খরা—
প্রেতের নাচন নাচবে তখন রিক্ত নিশায় শীর্ণ জরা ৷ ৷
শুনি যেন কাননশাখায় বেলাশেষের বাজায় বেণু,
মাখিয়ে নে আজ পাখায় পাখায় স্মরণ-ভরা গন্ধরেণু ৷
কাল যে কুসুম পড়বে ঝরে তাদের কাছে নিস গো ভরে
ওই বছরের শেষের মধু এই বছরের মৌচাকেতে ৷
নূতন দিনের মৌমাছি, আয়, নাই রে দেরি, করিস ত্বরা—
শেষের দানে ওই রে সাজায় বিদায়দিনের দানের ভরা ৷ ৷
চৈত্রমাসের-হাওয়ায়-কাঁপা দোলন-চাঁপার কুঁড়িখানি
প্রলয়-দাহের রৌদ্রতাপে বৈশাখে আজ ফুটবে জানি ৷
যা-কিছু তার আছে দেবার শেষ করে সব নিবি এবার—
যাবার বেলায় যাক চলে যাক বিলিয়ে দেবার নেশায় মেতে—
আয় রে ওরে মৌমাছি, আয়, আয় রে গোপন-মধু-হরা—
চরম দেওয়া সঁপিতে চায় ওই মরণের স্বয়ম্বরা ৷ ৷
[:শান্তিনিকেতন:]
১২ চৈত্র ১৩৩৩
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন