রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি কি করেছ মনে দেখেছ পেয়েছ তুমি
সীমারেখা মম?
ফেলিয়া দিয়াছ মোরে আদি অন্ত শেষ ক’রে
পড়া পুঁথি-সম?
নাই সীমা আগে পাছে, যত চাও তত আছে,
যতই আসিবে কাছে তত পাবে মোরে ৷
আমারেও দিয়ে তুমি এ বিপুল বিশ্বভূমি
এ আকাশ এ বাতাস দিতে পারো ভ’রে ৷
আমাতেও স্থান পেত অবাধে সমস্ত তব
জীবনের আশা ৷
একবার ভেবে দেখো এ পরানে ধরিয়াছে
কত ভালোবাসা ৷ ৷
সহসা কী শুভক্ষণে অসীম হৃদয়রাশি
দৈবে পড়ে চোখে!
দেখিতে পাও নি যদি দেখিতে পাবে না আর,
মিছে মরি ব’কে ৷
আমি যা পেয়েছি তাই সাথে নিয়ে ভেসে যাই,
কোনোখানে সীমা নাই ও মধু মুখের ৷
শুধু স্বপ্ন, শুধু স্মৃতি, তাই নিয়ে থাকি নিতি—
আর আশা নাহি রাখি সুখের দুখের ৷
আমি যাহা দেখিয়াছি আমি যাহা পাইয়াছি
এ জনম-সই
জীবনের সব শূন্য আমি যাহে ভরিয়াছি
তোমার তা কই!
লোহিত সমুদ্র ৷ ১২ কার্তিক ১২৯৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন