রবীন্দ্রনাথ ঠাকুর
আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে
মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে ৷
পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে
বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে!
ভাগ্যের পায়ে দুর্বলপ্রাণে ভিক্ষা না যেন যাচি ৷
কিছু নাই ভয়, জানি নিশ্চয়— তুমি আছ, আমি আছি ৷ ৷
উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথমাঝে
দুর্দম বেগে, দুঃসহতম কাজে ৷
রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব,
চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব ৷
পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব— তুমি আছ, আমি আছি ৷ ৷
দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে—
মরুপথতাপ দুজনে নিয়েছি সহে ৷
ছুটি নি মোহন-মরীচিকা-পিছে-পিছে,
ভুলাই নি মন সত্যেরে করি মিছে—
এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোঁহে বাঁচি ৷
এ বাণী, প্রেয়সী, হোক মহীয়সী— তুমি আছ, আমি আছি ৷ ৷
৩১ শ্রাবণ ১৩৩৫
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন