রবীন্দ্রনাথ ঠাকুর
এ কি তবে সবই সত্য,
হে আমার চিরভক্ত?
আমার চোখের বিজুলি-উজল আলোকে
হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে,
এ কি সত্য?
আমার মধুর অধর বধূর নবলাজ-সম রক্ত,
হে আমার চিরভক্ত,
এ কি সত্য?
চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি,
চরণে আমার বীণাঝংকার বাজে কি,
এ কি সত্য?
নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া,
প্রভাত-আলোকে পুলক আমারে ঘেরিয়া,
এ কি সত্য?
তপ্তকপোল-পরশে অধীর সমীর মদিরমত্ত,
হে আমার চিরভক্ত,
এ কি সত্য? ৷
কালো কেশপাশে দিবস লুকায় আঁধারে,
জীবনমরণ-বাঁধন বাহুতে বাঁধা রে,
এ কি সত্য?
ভুবন মিলায় মোর অঞ্চলখানিতে,
বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে,
এ কি সত্য?
ত্রিভুবন লয়ে শুধু আমি আছি, আছে মোর অনুরক্ত,
হে আমার চিরভক্ত,
এ কি সত্য? ৷
তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া
জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া,
এ কি সত্য?
আমার বচনে নয়নে অধরে অলকে
চির জনমের বিরাম লভিলে পলকে,
এ কি সত্য?
মোর সুকুমার ললাটফলকে লেখা অসীমের তত্ব,
হে আমার চিরভক্ত,
এ কি সত্য? ৷
রেলপথে
১৩ আশ্বিন ১৩০৪
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন