রবীন্দ্রনাথ ঠাকুর
মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এল চলি;
তার পানে, হায়, শেষ চাওয়া চায় করুণ কুন্দকলি ৷
উত্তরবায় একতারা তার
তীব্র নিখাদে দিল ঝংকার,
শিথিল যা ছিল তারে ঝরাইল, গেল তারে দলি দলি ৷ ৷
শীতের রথের ঘূর্ণিধূলিতে গোধূলিরে করে ম্লান’,
তাহারি আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জানো ৷
বনে বনে তাই আশ্বাসবাণী
করে কানাকানি ‘কে আসে কী জানি’,
বলে মর্মরে ‘অতিথির তরে অর্ঘ্য সাজায়ে আনো’ ৷ ৷
নির্মম শীত তারি আয়োজনে এসেছিল বনপারে,
মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি— মার্জনা নাহি কারে ৷
ম্লান চেতনার আবর্জনায়
পান্থের পথে বিঘ্ন ঘনায়,
নবযৌবনদূতরূপী শীত দূর করি দিল তারে ৷ ৷
ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নূতন করি,
অপব্যয়ের ভয় নাহি তার পূর্ণের দান স্মরি ৷
অলস ভোগের গ্লানি সে ঘুচায়,
মৃত্যুর স্নানে কালিমা মুছায়,
চিরপুরাতনে করে উজ্জ্বল নূতন চেতনা ভরি ৷ ৷
নিত্যকালের মায়াবী আসিছে নব পরিচয় দিতে,
নবীন রূপের অপরূপ জাদু আনিবে সে ধরণীতে ৷
লক্ষ্মীর দান নিমেষে উজাড়ি
নির্ভয়মনে দূরে দেয় পাড়ি,
নববর সেজে চাহে লক্ষ্মীরে ফিরে জয় করে নিতে ৷ ৷
বাঁধন-ছেঁড়ার সাধন তাহার, সৃষ্টি তাহার খেলা—
দস্যুর মতো ভেঙেচুরে দেয় চিরাভ্যাসের মেলা ৷
মূল্যহীনেরে সোনা করিবার
পরশপাথর হাতে আছে তার,
তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা ৷ ৷
বলো ‘জয় জয়’, বলো ‘নাহি ভয়’— কালের প্রয়াণপথে
আসে নির্দয় নবযৌবন ভাঙনের মহারথে ৷
চিরন্তনের চঞ্চলতায়
কাঁপন লাগুক লতায় লতায়,
থরথর করি উঠুক পরান প্রান্তরে পর্বতে ৷ ৷
বার্তা ব্যাপিল পাতায় পাতায়, ‘করো ত্বরা, করো ত্বরা ৷
সাজাক পলাশ আরতিপাত্র রক্তপ্রদীপে ভরা ৷
দাড়িম্ববন প্রচুর পরাগে
হোক প্রগলভ রক্তিম রাগে,
মাধবিকা হোক সুরভিসোহাগে মধুপের মনোহরা!’
কে বাঁধে শিথিল বীণার তন্ত্র কঠোর-যতন-ভরে—
ঝংকারি উঠে অপরিচিতার জয়সংগীতস্বরে ৷
নগ্ন শিমুলে কার ভাণ্ডার
রক্ত দুকূল দিল উপহার—
দ্বিধা না রহিল বকুলের আর রিক্ত হবার তরে ৷ ৷
দেখিতে দেখিতে কী হতে কী হল, শূন্য কে দিল ভরি ৷
প্রাণবন্যায় উঠিল ফেনায়ে মাধুরীর মঞ্জরি ৷
ফাগুনের আলো সোনার কাঠিতে
কী মায়া লাগালো, তাই তো মাটিতে
নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামাসুন্দরী ৷ ৷
[:শান্তিনিকেতন:]
দোলপূর্ণিমা ৷ ২২ ফাল্গুন ১৩৩৪
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন