রবীন্দ্রনাথ ঠাকুর
বোধিসত্বাবদানকল্পলতা
সন্ন্যাসী উপগুপ্ত
মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত ৷
নগরীর দীপ নিবেছে পবনে,
দুয়ার রুদ্ধ পৌর ভবনে;
নিশীথের তারা শ্রাবণগগনে ঘন মেঘে অবলুপ্ত ৷
কাহার নূপুরশিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে!
সন্ন্যাসীবর চমকি জাগিল,
স্বপ্নজড়িমা পলকে ভাগিল,
রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমাসুন্দর চক্ষে ৷ ৷
নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা ৷
অঙ্গে আঁচল সুনীলবরন,
রুনুঝুনু রবে বাজে আভরণ,
সন্ন্যাসী-গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা ৷ ৷
প্রদীপ ধরিয়া হেরিল তাঁহার নবীন গৌরকান্তি—
সৌম্য সহাস তরুণ বয়ান,
করুণাকিরণে বিকচ নয়ান,
শুভ্র ললাটে ইন্দু-সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি ৷ ৷
কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা—
‘ক্ষমা করো মোরে, কুমার কিশোর,
দয়া করো যদি গৃহে চলো মোর—
এ ধরণীতল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা!’
সন্ন্যাসী কহে করুণ বচনে, ‘অয়ি লাবণ্যপুঞ্জে,
এখনো আমার সময় হয় নি,
যেথায় চলেছ যাও তুমি ধনী—
সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে ৷’
সহসা ঝঞ্ঝা তড়িৎ-শিখায় মেলিল বিপুল আস্য ৷
রমণী কাঁপিয়া উঠিল তরাসে,
প্রলয়শঙ্খ বাজিল বাতাসে,
আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য ৷ ৷
...
বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্রসন্ধ্যা ৷
বাতাস হয়েছে উতলা আকুল,
পথতরুশাখে ধরেছে মুকুল,
রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা ৷
অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র!
জনহীন পুরী, পুরবাসী সবে
গেছে মধুবনে ফুল-উৎসবে,
শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণচন্দ্র ৷ ৷
নির্জন পথে জ্যোৎস্না-আলোতে সন্ন্যাসী একা যাত্রী ৷
মাথার উপরে তরুবীথিকার
কোকিল কুহরি উঠে বারবার,
এতদিন পরে এসেছে কি তাঁর আজি অভিসাররাত্রি? ৷
নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী বাহির-প্রাচীর-প্রান্তে ৷
দাঁড়ালেন আসি পরিখার পারে—
আম্রবনের ছায়ার আঁধারে
কে ওই রমণী প’ড়ে এক ধারে তাঁহার চরণোপান্তে? ৷
নিদারুণ রোগে মারীগুটিকায় ভরে গেছে তার অঙ্গ ৷
রোগমসী-ঢালা কালি তনু তার
লয়ে প্রজাগণে পুরপরিখার
বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ ৷ ৷
সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ৷
ঢালি দিল জল শুষ্ক অধরে,
মন্ত্র পড়িয়া দিল শির-’পরে,
লেপি দিল দেহ আপনার করে শীতচন্দনপঙ্কে ৷ ৷
ঝরিছে মুকুল, কূজিছে কোকিল, যামিনী জোছনামত্তা ৷
‘কে এসেছ তুমি ওগো দয়াময়’
শুধাইল নারী, সন্ন্যাসী কয়—
‘আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা!’
১৯ আশ্বিন ১৩০৬
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন