রবীন্দ্রনাথ ঠাকুর
ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়—
তোমারি হউক জয় ৷
তিমিরবিদার উদার অভ্যুদয়,
তোমারি হউক জয় ৷
হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তোমার হাতে,
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে—
বন্ধন হোক ক্ষয় ৷
তোমারি হউক জয় ৷
এসো দুঃসহ, এসো এসো নির্দয়—
তোমারি হউক জয় ৷
এসো নির্মল, এসো এসো নির্ভয়—
তোমারি হউক জয় ৷
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তোমার তূর্য বাজে,
অরুণবহ্নি জ্বালাও চিত্ত-মাঝে—
মৃত্যুর হোক লয় ৷
তোমারি হউক জয় ৷ ৷
এলাহাবাদ
প্রভাত ৷ ৩০ আশ্বিন ৷ [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন