রবীন্দ্রনাথ ঠাকুর
বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া
ওই আঁখিদুটি,
চাহিলে হৃদয়-পানে মরমেতে পড়ে ছায়া,
তারা উঠে ফুটি ৷
আগে কে জানিত বলো কত কী লুকানো ছিল
হৃদয়নিভৃতে—
তোমার নয়ন দিয়া আমার নিজের হিয়া
পাইনু দেখিতে ৷
কখনো গাও নি তুমি, কেবল নীরবে রহি
শিখায়েছ গান—
স্বপ্নময় শান্তিময় পূরবীরাগিণীতানে
বাঁধিয়াছ প্রাণ ৷
আকাশের পানে চাই, সেই সুরে গান গাই
একেলা বসিয়া ৷
একে একে সুরগুলি অনন্তে হারায়ে যায়
আঁধারে পশিয়া ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন