রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম এসেছিল, চলে গেল সে-যে খুলি দ্বার,
আর কভু আসিবে না ৷
বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার,
তারি সাথে শেষ চেনা ৷
সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন,
তুলি লবে মোরে রথে—
নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন গৃহহীন
গ্রহতারকার পথে ৷ ৷
ততকাল আমি একা বসি রব খুলি দ্বার,
কাজ করি লব শেষ ৷
দিন হবে যবে আরেক অতিথি আসিবার
পাবে না সে বাধালেশ ৷
পূজা-আয়োজন সব সারা হবে একদিন,
প্রস্তুত হয়ে রব—
নীরবে বাড়ায়ে বাহুদুটি, সেই গৃহহীন
অতিথিরে বরি লব ৷ ৷
যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার
সেই বলে গেল ডাকি,
‘মোছো আঁখিজল, আরেক অতিথি আসিবার
এখনো রয়েছে বাকি ৷’
সেই বলে গেল, ‘গাঁথা সেরে নিয়ো একদিন
জীবনের কাঁটা বাছি—
নব গৃহমাঝে বহি এনো তুমি গৃহহীন,
পূর্ণ মালিকাগাছি ৷’
[:১৩০৯:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন