রবীন্দ্রনাথ ঠাকুর
সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে!
তাহারি রাগিণী লাগিল গায়ে ৷
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর-বায়ে
বনের ছায়ে ৷
তারি গুঞ্জন লাগিল গায়ে ৷ ৷
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎ-শিশিরে-ভিজে ভৈরবী নীরবে বাজে ৷
ছবি মনে আনে আলোতে ও গীতে— যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে ৷
তাহারি আভাস লাগিল গায়ে ৷ ৷
মায়ার জাহাজ
২ অক্টোবর ১৯২৭ [:১৫ আশ্বিন ১৩৩৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন