রবীন্দ্রনাথ ঠাকুর
জানি গো দিন যাবে এ দিন যাবে ৷
একদা কোন বেলাশেষে মলিন রবি করুণ হেসে
শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ৷
পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু,
আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে—
তবুও দিন যাবে এ দিন যাবে ৷ ৷
তোমার কাছে আমার এ মিনতি—
যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন
আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী—
কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা—
পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি ৷
তোমার কাছে আমার এই মিনতি ৷ ৷
সাঙ্গ যবে হবে ধরার পালা
যেন আমার গানের শেষে থামতে পারি সমে এসে,
ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা ৷—
এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে,
পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা—
সাঙ্গ যবে হবে ধরার পালা ৷ ৷
রোহিত সাগর
১৮ সেপ্টেম্বর ১৯১৩
[:২ আশ্বিন ১৩২০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন