রবীন্দ্রনাথ ঠাকুর
কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি
যাব অকারণে ভেসে কেবল ভেসে,
ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী
কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে ৷
কূলহারা সেই সমুদ্র-মাঝখানে
শোনাব গান একলা তোমার কানে,
ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা
আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে ৷ ৷
আজও সময় হয় নি কি তার, কাজ কি আছে বাকি—
ওগো, ওই-যে সন্ধ্যা নামে সাগরতীরে ৷
মলিন আলোয় পাখা মেলে সিন্ধুপারের পাখি
আপন কুলায়-মাঝে সবাই এল ফিরে ৷
কখন তুমি আসবে ঘাটের ’পরে
বাঁধনটুকু কেটে দেবার তরে ৷
অস্তরবির শেষ আলোটির মতো
তরী নিশীথ-মাঝে যাবে নিরুদ্দেশে ৷ ৷
শান্তিনিকেতন
৩০ জ্যৈষ্ঠ ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন