রবীন্দ্রনাথ ঠাকুর
নিমেষে টুটিয়া গেল সে মহাপ্রতাপ!
ঊর্ধ্ব হতে একদিন দেবতার শাপ
পশিল সে সুখরাজ্যে, বিচ্ছেদের শিখা
করিয়া বহন; মিলনের মরীচিকা
যৌবনের বিশ্বগ্রাসী মত্ত অহমিকা
মুহূর্তে মিলায়ে গেল মায়াকুহেলিকা
খররৌদ্রকরে ৷ ছয় ঋতু সহচরী
ফেলিয়া চামরছত্র, সভা ভঙ্গ করি
সহসা তুলিয়া দিল রঙ্গযবনিকা—
সহসা খুলিয়া গেল, যেন চিত্রে লিখা,
আষাঢ়ের অশ্রুপ্লুত সুন্দর ভুবন ৷
দেখা দিল চারি দিকে পর্বত কানন
নগর নগরী গ্রাম ৷ বিশ্বসভা-মাঝে
তোমার বিরহবীণা সকরুণ বাজে ৷ ৷
২১ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন