রবীন্দ্রনাথ ঠাকুর
দাও খুলে দাও, সখী, ওই বাহুপাশ—
চুম্বনমদিরা আর করায়ো না পান ৷
কুসুমের কারাগারে রুদ্ধ এ বাতাস—
ছেড়ে দাও, ছেড়ে দাও বদ্ধ এ পরান ৷
কোথায় উষার আলো, কোথায় আকাশ!
এ চির পূর্ণিমারাত্রি হোক অবসান!
আমারে ঢেকেছে তব মুক্ত কেশপাশ,
তোমার মাঝারে আমি নাহি দেখি ত্রাণ ৷
আকুল অঙ্গুলিগুলি করি কোলাকুলি
গাঁথিছে সর্বাঙ্গে মোর পরশের ফাঁদ ৷
ঘুমঘোরে শূন্য-পানে দেখি মুখ তুলি—
শুধু অবিশ্রামহাসি একখানি চাঁদ;
স্বাধীন করিয়া দাও, বেঁধো না আমায়—
স্বাধীন হৃদয়খানি দিব তব পায় ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন