রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয় আজি মোর কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করিছে কোলাকুলি ৷
প্রভাত হল যেই কী জানি হল একি,
আকাশ-পানে চাই কী জানি কারে দেখি ৷ ৷
পুরবমেঘমুখে পড়েছে রবিরেখা,
অরুণরথচূড়া আধেক যায় দেখা ৷
তরুণ আলো দেখে পাখির কলরব,
মধুর আহা কিবা মধুর মধু সব ৷ ৷
আকাশ, ‘এসো এসো’ ডাকিছ বুঝি ভাই—
গেছি তো তোরি বুকে, আমি তো হেথা নাই ৷
প্রভাত-আলো-সাথে ছড়ায় প্রাণ মোর,
আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর ৷ ৷
ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও,
অরুণতরী তব পুরবে ছেড়ে দাও ৷
আকাশপারাবার বুঝি হে পার হবে—
আমারে লও তবে, আমারে লও তবে ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন