রবীন্দ্রনাথ ঠাকুর
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে ৷
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে ৷
বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের ক্ষেত জলে ভরভর,
কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ চাহি রে ৷
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে ৷ ৷
ওই ডাকে শোনো ধেনু ঘনঘন, ধবলীরে আনো গোহালে ৷
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে ৷
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি
মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে ৷
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে ৷ ৷
শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে ৷
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে ৷
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,
দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,
দরদর বেগে জলে পড়ি জল ছলছল উঠে বাজি রে ৷
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে ৷ ৷
ওগো, আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে ৷
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে ৷
ঝরঝর ধারে ভিজিবে নিচোল,
ঘাটে যেতে পথ হয়েছে পিছল,
ওই বেণুবন দুলে ঘনঘন পথপাশে দেখ চাহি রে ৷
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে ৷ ৷
[ শিলাইদহ ]
২০ জ্যৈষ্ঠ [ ১৩০৭ ]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন