রবীন্দ্রনাথ ঠাকুর
যখন শুনালে, কবি, দেবদম্পতিরে
কুমারসম্ভবগান, চারি দিকে ঘিরে
দাঁড়ালো প্রমথগণ ৷ শিখরের ’পর
নামিল মন্থরশান্ত সন্ধ্যামেঘস্তর—
স্থগিত বিদ্যুৎলীলা, গর্জন বিরত;
কুমারের শিখী করি পুচ্ছ অবনত
স্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশে
বাঁকায়ে উন্নত গ্রীবা ৷ কভু স্মিতহাসে
কাঁপিল দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাস
অলক্ষ্যে বহিল, কভু অশ্রুজলোচ্ছ্বাস
দেখা দিল আঁখিপ্রান্তে— যবে অবশেষে
ব্যাকুল শরমখানি নয়ননিমেষে
নামিল নীরবে, কবি, চাহি দেবী-পানে
সহসা থামিলে তুমি অসমাপ্ত গানে ৷ ৷
১৫ শ্রাবণ ১৩০৩
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন