রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি ৷
তখন ছিল দখিন হাওয়া আধ-ঘুমো আধ-জাগা,
তখন ছিল সর্ষেক্ষেতে ফুলের আগুন লাগা,
তখন আমি মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে
পথে বাহির হয়েছিলেম রুদ্ধ কুটির থেকে ৷
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি ৷ ৷
বসন্তের সে মালা
আজ কি তেমন গন্ধ দেবে নবীন সুধা-ঢালা?
আজকে বহে পুবে বাতাস, মেঘে আকাশ জুড়ে,
ধানের ক্ষেতে ঢেউ উঠেছে নব নবাঙ্কুরে,
হাওয়ায় হাওয়ায় নাইকো রে হায় হালকা সে হিল্লোল—
নাই বাগানে হাস্যে গানে পাগল গণ্ডগোল ৷
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি ৷ ৷
হল কালের ভুল,
পুবে হাওয়ায় ধরে দিলেম দখিন হাওয়ার ফুল ৷
এখন এল অন্য সুরে অন্য গানের পালা,
এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা ৷
বাজছে মেঘের গুরুগুরু, বাদল ঝরঝর,
সজল বায়ে কদম্ববন কাঁপছে থরথর ৷
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি ৷ ৷
[শিলাইদহ
২৬ জ্যৈষ্ঠ ১৩০৭]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন