রবীন্দ্রনাথ ঠাকুর
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণবরন পারিজাত লয়ে হাতে ৷
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে—
বারেক থামিয়া, মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে ৷ ৷
স্বপন আমার ভরেছিল কোন গন্ধে,
ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে,
ধুলায়-লুটানো নীরব আমার বীণা
বেজে উঠেছিল অনাহত কী আঘাতে ৷ ৷
কতবার আমি ভেবেছিনু, ‘উঠি উঠি,
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি ৷’
উঠিনু যখন তখন গিয়েছ চলে—
দেখা বুঝি আর হল না তোমার সাথে ৷ ৷
তিনধরিয়া
১৭ জ্যৈষ্ঠ ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন