রবীন্দ্রনাথ ঠাকুর
গাহিছে কাশীনাথ নবীন যুবা ধ্বনিতে সভাগৃহ ঢাকি,
কণ্ঠে খেলিতেছে সাতটি সুর সাতটি যেন পোষা পাখি ৷
শাণিত তরবারি গলাটি যেন নাচিয়া ফিরে দশ দিকে,
কখন কোথা যায় না পাই দিশা, বিজুলি-হেন ঝিকিমিকে ৷
আপনি গড়ি তোলে বিপদজাল, আপনি কাটি দেয় তাহা ৷
সভার লোকে শুনে অবাক মানে, সঘনে বলে ‘বাহা বাহা’ ৷
কেবল বুড়া রাজা প্রতাপরায় কাঠের মতো বসি আছে ৷
বরজলাল ছাড়া কাহারো গান ভালো না লাগে তার কাছে ৷
বালকবেলা হতে তাহারি গীতে দিল সে এতকাল যাপি—
বাদলদিনে কত মেঘের গান, হোলির দিনে কত কাফি ৷
গেয়েছে আগমনী শরৎপ্রাতে গেয়েছে বিজয়ার গান—
হৃদয় উছসিয়া অশ্রুজলে ভাসিয়া গেছে দু নয়ান ৷
যখনি মিলিয়াছে বন্ধুজনে সভার গৃহ গেছে পুরে,
গেয়েছে গোকুলের গোয়াল-গাথা ভূপালি মূলতানি সুরে ৷ ৷
ঘরেতে বারবার এসেছে কত বিবাহ-উৎসবরাতি ৷
পরেছে দাসদাসী লোহিত বাস, জ্বলেছে শত শত বাতি ৷
বসেছে নব বর সলাজ-মুখে পরিয়া মণি-আভরণ,
করিছে পরিহাস কানের কাছে সমবয়সী প্রিয়জন,
সামনে বসি তার বরজলাল ধরেছে শাহানার সুর—
সে-সব দিন আর সে-সব গান হৃদয়ে আছে পরিপুর ৷
সে ছাড়া কারো গান শুনিলে তাই মর্মে গিয়ে নাহি লাগে,
অতীত প্রাণ যেন মন্ত্রবলে নিমেষে প্রাণে নাহি জাগে ৷
প্রতাপরায় তাই দেখিছে শুধু কাশীর বৃথা মাথা নাড়া—
সুরের পরে সুর ফিরিয়া যায়, হৃদয়ে নাহি পায় সাড়া ৷ ৷
থামিল গান যবে ক্ষণেক-তরে বিরাম মাগে কাশীনাথ ৷
বরজলাল-পানে প্রতাপরায় হাসিয়া করে আঁখিপাত ৷
কানের কাছে তার রাখিয়া মুখ কহিল, ‘ওস্তাদ জি,
গানের মতো গান শুনায়ে দাও, এরে কি গান বলে, ছি!
এ যেন পাখি লয়ে বিবিধ ছলে শিকারি বিড়ালের খেলা ৷
সেকালে গান ছিল, একালে হায় গানের বড়ো অবহেলা ৷’
বরজলাল বুড়া, শুক্লকেশ, শুভ্র উষ্ণীষ শিরে,
বিনতি করি সবে সভার মাঝে আসন নিল ধীরে ধীরে ৷
শিরা-বাহির-করা শীর্ণ করে তুলিয়া নিল তানপুর,
ধরিল নতশিরে নয়ন মুদি ইমনকল্যাণ সুর ৷
কাঁপিয়া ক্ষীণ স্বর মরিয়া যায় বৃহৎ সভাগৃহকোণে,
ক্ষুদ্র পাখি যথা ঝড়ের মাঝে উড়িতে নারে প্রাণপণে ৷
বসিয়া বামপাশে প্রতাপরায় দিতেছে শত উৎসাহ—
‘আহাহা, বাহা বাহা’ কহিছে কানে, ‘গলা ছাড়িয়া গান গাহো ৷’
সভার লোকে সবে অন্যমনা, কেহ-বা কানাকানি করে ৷
কেহ-বা তোলে হাই, কেহ-বা ঢোলে, কেহ-বা চলে যায় ঘরে ৷
‘ওরে রে আয় লয়ে তামাকু পান’, ভৃত্যে ডাকি কেহ কয় ৷
সঘনে পাখা নাড়ি কেহ-বা বলে, ‘গরম আজি অতিশয় ৷’
করিছে আনাগোনা ব্যস্ত লোক, ক্ষণেক নাহি রহে চুপ—
নীরব ছিল সভা, ক্রমশ সেথা শব্দ উঠে শতরূপ ৷
বুড়ার গান তাহে ডুবিয়া যায়, তুফান-মাঝে ক্ষীণ তরী—
কেবল দেখা যায় তানপুরায় আঙুল কাঁপে থরথরি ৷
হৃদয়ে যেথা হতে গানের সুর উছসি উঠে নিজ সুখে
হেলার কলরব শিলার মতো চাপে সে উৎসের মুখে ৷
কোথায় গান আর কোথায় প্রাণ দু দিকে ধায় দুইজনে,
তবুও রাখিবারে প্রভুর মান বরজ গায় প্রাণপণে ৷
গানের এক পদ মনের ভ্রমে হারায়ে গেল কী করিয়া ৷
আবার তাড়াতাড়ি ফিরিয়া গাহে, লইতে চাহে শুধরিয়া ৷
আবার ভুলে যায়, পড়ে না মনে, শরমে মস্তক নাড়ি
আবার শুরু হতে ধরিল গান— আবার ভুলি দিল ছাড়ি ৷
দ্বিগুণ থরথরি কাঁপিছে হাত, স্মরণ করে গুরুদেবে ৷
কণ্ঠ কাঁপিতেছে কাতরে, যেন বাতাসে দীপ নেবে-নেবে ৷
গানের পদ তবে ছাড়িয়া দিয়া রাখিল সুরটুকু ধরি,
সহসা হাহারবে উঠিল কাঁদি গাহিতে গিয়া হা হা করি ৷
কোথায় দূরে গেল সুরের খেলা, কোথায় তাল গেল ভাসি—
গানের সুতা ছিঁড়ি পড়িল খসি অশ্রুমুকুতার রাশি ৷
কোলের সখী তানপুরার ’পরে রাখিল লজ্জিত মাথা—
ভুলিল শেখা গান, পড়িল মনে বাল্যক্রন্দনগাথা ৷
নয়ন ছলছল, প্রতাপরায় কর বুলায় তার দেহে—
‘আইস, হেথা হতে আমরা যাই’ কহিল সকরুণ স্নেহে ৷
শতেক-দীপ-জ্বালা নয়ন-ভরা ছাড়ি সে উৎসবঘর
বাহিরে গেল দুটি প্রাচীন সখা ধরিয়া দুঁহু দোঁহা কর ৷ ৷
বরজ করজোড়ে কহিল, ‘প্রভু, মোদের সভা হল ভঙ্গ ৷
এখন আসিয়াছে নূতন লোক, ধরায় নব নব রঙ্গ ৷
জগতে আমাদের বিজন সভা— কেবল তুমি আর আমি ৷
সেথায় আনিয়ো না নূতন শ্রোতা, মিনতি তব পদে স্বামী ৷
একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে;
গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে ৷
তটের বুকে লাগে জলের ঢেউ তবে সে কলতান উঠে,
বাতাসে বনসভা শিহরি কাঁপে তবে সে মর্মর ফুটে ৷
জগতে যেথা যত রয়েছে ধ্বনি যুগল মিলিয়াছে আগে—
যেখানে প্রেম নাই, বোবার সভা, সেখানে গান নাহি জাগে ৷
বোট ৷ শিলাইদহ
২৪ আষাঢ় [১২৯৯]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন