রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো তরুণী,
ছিল অনেক দিনের পুরোনো বছরে
এমনি একখানি নতুন কাল
দক্ষিণ হাওয়ায় দোলায়িত,
সেই কালেরই আমি ৷
মুছে-আসা ঝাপসা পথ বেয়ে
এসে পড়েছি বনগন্ধের সংকেতে
তোমাদের এই আজকে-দিনের নতুন কালে ৷
পারো যদি মেনে নিয়ো আমার সখা ব’লে ৷
আর কিছু নয়, আমি গান জোগাতে পারি
তোমাদের মিলনরাতে—
আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান:;
তার সুরে পাবে দূরের নতুনকে,
তোমার লাগবে ভালো,
পাবে আপনাকেই
আপনার সীমানার অতীত পারে ৷
সেদিনকার বসন্তের বাঁশিতে
লেগেছিল যে প্রিয়বন্দনার তান
আজ সঙ্গে এনেছি তাই,
সে নিয়ো তোমার অর্ধনিমীলিত চোখের পাতায়,
তোমার দীর্ঘনিশ্বাসে ৷ ৷
আমার বিস্মৃত বেদনার আভাসটুকু
ঝরা ফুলের মৃদু গন্ধের মতো
রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায় ৷
সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে;
মনে বুঝবে সেদিন তুমি ছিলে না, তবু ছিলে—
নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে,
যবনিকার ও পারে ৷ ৷
ওগো চিরন্তনী,
আজ আমার বাঁশি তোমাকে বলতে এল—
যখন তুমি থাকবে না তখনো তুমি থাকবে আমার গানে ৷
ডাকতে এলেম আমার হারিয়ে-যাওয়া পুরোনোকে
তার খুঁজে-পাওয়া নতুন নামে ৷
হে তরুণী, আমাকে মেনে নিয়ো তোমার সখা ব’লে—
তোমার অন্য যুগের সখা ৷
শান্তিনিকেতন
১৯ বৈশাখ ১৩৪৩
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন