রবীন্দ্রনাথ ঠাকুর
নদীতীরে মাটি কাটে সাজাইতে পাঁজা
পশ্চিমি মজুর ৷ তাহাদেরই ছোটো মেয়ে
ঘাটে করে আনাগোনা, কত ঘষা মাজা
ঘটি বাটি থালা লয়ে ৷ আসে ধেয়ে ধেয়ে
দিবসে শতেকবার, পিত্তলকঙ্কণ
পিতলের থালি-’পরে বাজে ঠন ঠন ৷
বড়ো ব্যস্ত সারাদিন ৷ তারি ছোটো ভাই,
নেড়ামাথা, কাদামাখা, গায়ে বস্ত্র নাই,
পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে
বসি থাকে উচ্চ পাড়ে দিদির আদেশে
স্থিরধৈর্যভরে ৷ ভরা ঘট লয়ে মাথে,
বামকক্ষে থালি, যায় বালা ডান হাতে
ধরি শিশুকর ৷ জননীর প্রতিনিধি,
কর্মভারে অবনত অতি-ছোটো দিদি ৷ ৷
২১ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন