রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষমা করো, ধৈর্য ধরো হউক সুন্দরতর
বিদায়ের ক্ষণ ৷
মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়,
শুধু সমাপন—
শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি
তরী হতে তীর,
খেলা হতে খেলাশ্রান্তি, বাসনা হইতে শান্তি,
নভ হতে নীড় ৷ ৷
দিনান্তের নম্র কর পড়ুক মাথার ’পর,
আঁখি-’পরে ঘুম—
হৃদয়ের পত্রপুটে গোপনে উঠুক ফুটে
নিশার কুসুম ৷
আরতির শঙ্খরবে নামিয়া আসুক তবে
পূর্ণ পরিণাম—
হাসি নয়, অশ্রু নয়, উদার-বৈরাগ্য-ময়
বিশাল বিশ্রাম ৷ ৷
প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে
থামুক এখন ৷
প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি
মুদুক নয়ন ৷
প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল
যাক থেমে যাক ৷
নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক
পরমনির্বাক ৷ ৷
হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ,
হে সৌম্য বিষাদ,
ক্ষণেক দাঁড়াও স্থির— মুছায়ে নয়ননীর
করো আশীর্বাদ ৷
ক্ষণেক দাঁড়াও স্থির, পদতলে নমি শির
তব যাত্রাপথে—
নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি
নিস্তব্ধ জগতে ৷
১০ চৈত্র ১৩০৫
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন