রবীন্দ্রনাথ ঠাকুর
হে কবীন্দ্র কালিদাস, কল্পকুঞ্জবনে
নিভৃতে বসিয়া আছ প্রেয়সীর সনে
যৌবনের যৌবরাজ্য-সিংহাসন-’পরে ৷
মরকতপাদপীঠ-বহনের তরে
রয়েছে সমস্ত ধরা, সমস্ত গগন
স্বর্ণরাজছত্র ঊর্ধ্বে করেছে ধারণ
শুধু তোমাদের ’পরে ৷ ছয় সেবাদাসী
ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি—
নব নব পাত্র ভরি ঢালি দেয় তারা
নব-নব-বর্ণ-ময়ী মদিরার ধারা
তোমাদের তৃষিত যৌবনে ৷ ত্রিভুবন
একখানি অন্তঃপুর, বাসরভবন ৷
নাই দুঃখ, নাই দৈন্য, নাই জনপ্রাণী—
তুমি শুধু আছ রাজা, আছে তব রানী ৷ ৷
২০ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন