রবীন্দ্রনাথ ঠাকুর
যাবার দিনে এই কথাটি বলে যেন যাই—
যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই ৷
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে
তারি মধু পান করেছি, ধন্য আমি তাই ৷
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই ৷ ৷
বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে,
অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে ৷
পরশ যাঁরে যায় না করা সকল দেহে দিলেন ধরা,
এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই—
যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই ৷ ৷
২০ শ্রাবণ ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন