রবীন্দ্রনাথ ঠাকুর
সকালে উঠেই দেখি,
প্রজাপতি একি
আমার লেখার ঘরে
শেলফের ’পরে
মেলেছে নিস্পন্দ দুটি ডানা—
রেশমি সবুজ রঙ, তার ’পরে সাদা রেখা টানা ৷
সন্ধ্যাবেলা বাতির আলোয় অকস্মাৎ
ঘরে ঢুকে সারা রাত
কী ভেবেছে কে জানে তা—
কোনোখানে হেথা
অরণ্যের বর্ণ গন্ধ নাই,
গৃহসজ্জা ওর কাছে সমস্ত বৃথাই ৷ ৷
বিচিত্র বোধের এ ভুবন;
লক্ষকোটি মন
একই বিশ্ব লক্ষকোটি করে জানে
রূপে রসে নানা অনুমানে ৷
লক্ষকোটি কেন্দ্র তারা জগতের;
সংখ্যাহীন স্বতন্ত্র পথের
জীবনযাত্রার যাত্রী,
দিনরাত্রি
নিজের স্বাতন্ত্র্যরক্ষা-কাজে
একান্ত রয়েছে বিশ্ব-মাঝে ৷ ৷
প্রজাপতি বসে আছে যে কাব্যপুঁথির ’পরে
স্পর্শ তারে করে,
চক্ষে দেখে তারে;
তার বেশি সত্য যাহা তাহা একেবারে
তার কাছে সত্য নয়,
অন্ধকারময় ৷
ও জানে কাহারে বলে মধু, তবু
মধুর কী সে রহস্য জানে না ও কভু ৷
পুষ্পপাত্রে নিয়মিত আছে ওর ভোজ,
প্রতিদিন করে তার খোঁজ
কেবল লোভের টানে;
কিন্তু নাহি জানে
লোভের অতীত যাহা ৷ সুন্দর যা, অনির্বচনীয়,
যাহা প্রিয়—
সেই বোধ সীমাহীন দূরে আছে
তার কাছে ৷ ৷
আমি যেথা আছি
মন যে আপন টানে তাহা হতে সত্য লয় বাছি ৷
যাহা নিতে নাহি পারে
তাই শূন্যময় হয়ে নিত্য ব্যাপ্ত তার চারি ধারে ৷
কী আছে বা নাই কী এ
সে শুধু তাহার জানা নিয়ে ৷
জানে না যা, যার কাছে স্পষ্ট তাহা, হয়তো বা কাছে
এখনি সে এখানেই আছে
আমার চৈতন্যসীমা অতিক্রম করি বহুদূরে
রূপের অন্তরদেশে অপরূপপুরে ৷
সে আলোকে তার ঘর
যে আলো আমার অগোচর ৷ ৷
শান্তিনিকেতন
১০ মার্চ ১৯৩৯ [:২৬ ফাল্গুন ’৪৫:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন