রবীন্দ্রনাথ ঠাকুর
জানি, হল যাবার আয়োজন—
তবু, পথিক, থামো কিছুক্ষণ ৷
শ্রাবণ-গগন বারি-ঝরা কানন-বীথি ছায়ায় ভরা,
শুনি জলের ঝরোঝরে
যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন ৷ ৷
যেয়ো—
যখন বাদল-শেষের পাখি
পথে পথে উঠবে ডাকি ৷
শিউলিবনের মধুর স্তবে জাগবে শরৎলক্ষ্মী যবে,
শুভ্র আলোর শঙ্খরবে
পরবে ভালে মঙ্গলচন্দন ৷ ৷
শ্রাবণ ১৩৩২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন