রবীন্দ্রনাথ ঠাকুর
আমি পথিক, পথ আমারি সাথি ৷
দিন সে কাটায় গণি গণি বিশ্বলোকের চরণধ্বনি,
তারার আলোয় গায় সে সারা রাতি ৷
কত যুগের রথের রেখা বক্ষে তাহার আঁকে লেখা,
কত কালের ক্লান্ত আশা
ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি ৷ ৷
বাহির হলেম কবে সে নাই মনে ৷
যাত্রা আমার চলার পাকে এই পথেরই বাঁকে বাঁকে
নূতন হল প্রতি ক্ষণে ক্ষণে ৷
যত আশা পথের আশা, পথে যেতেই ভালোবাসা—
পথে-চলার নিত্য রসে
দিনে দিনে জীবন ওঠে মাতি ৷ ৷
শান্তিনিকেতন
২১ আশ্বিন [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন