রবীন্দ্রনাথ ঠাকুর
যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়,
মন বলে মাথা নাড়ি— এ নয়, এ নয় ৷
যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম
সে কথা বাজে না কেন এ বীণায় মম!
সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে
হৃদয়-আকাশ ঘিরে ঘনঘোর মেঘে;
মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায়
অন্তর করিয়া ছিন্ন কী দেখাতে চায়!
মৌন মূক মূঢ় -সম ঘনায়ে আঁধারে
সহসা নিশীথরাত্রে কাঁদে শতধারে ৷
বাক্যভারে রুদ্ধকণ্ঠে, রে স্তম্ভিত প্রাণ,
কোথায় হারায়ে এলি তোর যত গান ৷
বাঁশি যেন নাই, বৃথা নিশ্বাস কেবল—
রাগিণীর পরিবর্তে শুধু অশ্রুজল ৷ ৷
২৯ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন