রবীন্দ্রনাথ ঠাকুর
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ৷
একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপন-মনে—
সজল হাওয়া যূথীর বনে কী কথা যায় কয়ে ৷ ৷
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল—
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল ৷
আঁধার রাতে প্রহরগুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি—
কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে—
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ৷ ৷
২ আষাঢ় ১৩১৬
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন