রবীন্দ্রনাথ ঠাকুর
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা
মনে মনে ৷
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে ৷
তেপান্তরের পাথার পেরোই রূপকথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ-কথার—
পারুলবনের চম্পারে মোর হয় জানা
মনে মনে ৷ ৷
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশকুসুম তুলি ৷
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
যাই ভেসে দূর দিশে,
পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা
মনে মনে ৷ ৷
শান্তিনিকেতন
১০ জানুয়ারি ১৯৪০ [:২৫ পৌষ ’৪৬:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন