রবীন্দ্রনাথ ঠাকুর
একদা এলোচুলে কোন ভুলে ভুলিয়া
আসিল সে আমার ভাঙা দ্বার খুলিয়া ৷
জ্যোৎস্না অনিমিখ, চারি দিক সুবিজন—
চাহিল একবার আঁখি তার তুলিয়া ৷
দখিন-বায়ু ভরে থরথরে কাঁপে বন,
উঠিল প্রাণ মম তারি সম দুলিয়া ৷ ৷
আবার ধীরে ধীরে গেল ফিরে আলসে,
আমার সব হিয়া মাড়াইয়া গেল সে ৷
আমার যাহা ছিল সব নিল আপনায়,
হরিল আমাদের আকাশের আলো সে ৷
সহসা এ জগৎ ছায়াবৎ হয়ে যায়
তাহারি চরণের শরণের লালসে ৷ ৷
যে জন চলিয়াছে তারি পাছে সবে ধায়,
নিখিলে যত প্রাণ যত গান ঘিরে তায় ৷
সকল রূপহার উপহার চরণে—
ধায় গো উদাসিয়া যত হিয়া পায় পায় ৷
যে জন পড়ে থাকে একা ডাকে মরণে—
সুদূর হতে হাসি আর বাঁশি শোনা যায় ৷ ৷
জোড়াসাঁকো ৷ কলিকাতা
৯ ভাদ্র ১২৯৬
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন