রবীন্দ্রনাথ ঠাকুর
হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে;
মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে ৷
নির্ভয়ে ধাই সুযোগ-কুযোগ বিছুরি,
খেয়াল খবর রাখি নে তো কোনো-কিছুরই;
উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা
সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে ৷ ৷
যেথা-সেথা ধাই, যাহা-তাহা পাই ছাড়ি নেকো ভাই, ছাড়ি নে;
তাই ব’লে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে ৷
যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি;
বকি নে কারেও, শুনি নে কাহারো বকুনি;
কথা যত আছে মনের তলায় তলিয়ে
ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে ৷ ৷
মন-দে’য়া-নে’য়া অনেক করেছি, মরেছি হাজার মরণে;
নূপুরের মতো বেজেছি চরণে চরণে ৷
আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে,
সাধিয়া মরেছি ইঁহারে তাঁহারে উঁহারে;
অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা,
রাঙিয়াছি তাহা হৃদয়শোণিত-বরনে ৷ ৷
এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি;
তাড়াতাড়ি ক’রে খেলাঘরে এসে জুটেছি ৷
বুক-ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া,
ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া;
যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে
বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি ৷ ৷
কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে;
তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে ৷
মধুকরসম ছিনু সঞ্চয়প্রয়াসী,
কুসুমকান্তি দেখি নাই মধুপিয়াসি—
বকুল কেবল দলিত করেছি আলসে
ছিলাম যখন নিলীন বকুলশয়নে ৷
দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে,
তাই ত্রিভুবন ফিরিছে আমারি পিছুতে ৷
সবলে কারেও ধরি নে বাসনামুঠিতে,
দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে;
যখন ছেড়েছি উচ্চে উঠার দুরাশা
হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে ৷ ৷
[ শিলাইদহ
১০? বৈশাখ ১৩০৭]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন