রবীন্দ্রনাথ ঠাকুর
ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর ৷
গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর ৷
অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তীশালে হাতি ৷
মল্লশালে মল্ল জাগি ফুলায় পুন ছাতি ৷
জাগিল পথে প্রহরীদল, দুয়ারে জাগে দ্বারী,
আকাশে চেয়ে নিরখে বেলা জাগিয়া নরনারী ৷
উঠিল জাগি রাজাধিরাজ, জাগিল রানীমাতা ৷
কচালি আঁখি কুমার-সাথে জাগিল রাজভ্রাতা ৷
নিভৃত ঘরে ধূপের বাস, রতন-দীপ জ্বালা,
জাগিয়া উঠি শয্যাতলে শুধালো রাজবালা—
‘কে পরালে মালা!’
খসিয়া-পড়া আঁচলখানি বক্ষে তুলি নিল ৷
আপন-পানে নেহারি চেয়ে শরমে শিহরিল ৷
ত্রস্ত হয়ে চকিত চোখে চাহিল চারি দিকে—
বিজন গৃহ, রতন-দীপ জ্বলিছে অনিমিখে ৷
গলার মালা খুলিয়া লয়ে ধরিয়া দুটি করে
সোনার সুতে যতনে গাঁথা লিখনখানি পড়ে ৷
পড়িল নাম, পড়িল ধাম, পড়িল লিপি তার,
কোলের ’পরে বিছায়ে দিয়ে পড়িল শতবার ৷
শয়নশেষে রহিল বসে, ভাবিল রাজবালা—
‘আপন ঘরে ঘুমায়ে ছিনু নিতান্ত নিরালা,
কে পরালে মালা!’
নূতন-জাগা কুঞ্জবনে কুহরি উঠে পিক,
বসন্তের চুম্বনেতে বিবশ দশ দিক ৷
বাতাস ঘরে প্রবেশ করে ব্যাকুল উচ্ছ্বাসে,
নবীনফুলমঞ্জরীর গন্ধ লয়ে আসে ৷
জাগিয়া উঠি বৈতালিক গাহিছে জয়গান,
প্রাসাদদ্বারে ললিত স্বরে বাঁশিতে উঠে তান ৷
শীতলছায়া নদীর পথে কলসে লয়ে বারি—
কাঁকন বাজে, নূপুর বাজে, চলিছে পুরনারী ৷
কাননপথে মর্মরিয়া কাঁপিছে গাছপালা,
আধেক মুদি নয়ন দুটি ভাবিছে রাজবালা—
‘কে পরালে মালা!’
বারেক মালা গলায় পরে, বারেক লহে খুলি—
দুইটি করে চাপিয়া ধরে বুকের কাছে তুলি ৷
শয়ন-’পরে মেলায়ে দিয়ে তৃষিত চেয়ে রয়,
এমনি করে পাইবে যেন অধিক পরিচয় ৷
জগতে আজ কত-না ধ্বনি উঠিছে কত ছলে—
একটি আছে গোপন কথা, সে কেহ নাহি বলে ৷
বাতাস শুধু কানের কাছে বহিয়া যায় হূহু,
কোকিল শুধু অবিশ্রাম ডাকিছে কুহু কুহু ৷
নিভৃত ঘরে পরান মন একান্ত উতালা,
শয়নশেষে নীরবে বসে ভাবিছে রাজবালা—
‘কে পরালে মালা!’
কেমন বীর-মুরতি তার মাধুরী দিয়ে মিশা—
দীপ্তিভরা নয়ন-মাঝে তৃপ্তিহীন তৃষা ৷
স্বপ্নে তারে দেখেছে যেন এমনি মনে লয়—
ভুলিয়া গেছে, রয়েছে শুধু অসীম বিস্ময় ৷
পার্শ্বে যেন বসিয়াছিল, ধরিয়াছিল কর,
এখনো তার পরশে যেন সরস কলেবর ৷
চমকি মুখ দু হাতে ঢাকে, শরমে টুটে মন,
লজ্জাহীন প্রদীপ কেন নিভে নি সেইক্ষণ!
কণ্ঠ হতে ফেলিল হার যেন বিজুলিজ্বালা,
শয়ন-’পরে লুটায়ে প’ড়ে ভাবিল রাজবালা—
‘কে পরালে মালা!’
এমনি ধীরে একটি করে কাটিছে দিন রাতি ৷
বসন্ত সে বিদায় নিল লইয়া যূথীজাতি ৷
সঘন মেঘে বরষা আসে, বরষে ঝরঝর,
কাননে ফুটে নবমালতী কদম্বকেশর ৷
স্বচ্ছহাসি শরৎ আসে পূর্ণিমামালিকা,
সকল বন আকুল করে শুভ্র শেফালিকা ৷
আসিল শীত সঙ্গে লয়ে দীর্ঘ দুখনিশা,
শিশির-ঝরা কুন্দফুলে হাসিয়া কাঁদে দিশা ৷
ফাগুন-মাস আবার এল বহিয়া ফুলডালা,
জানালা-পাশে একেলা বসে ভাবিছে রাজবালা—
‘কে পরালে মালা!’
শান্তিনিকেতন
১৫ জ্যৈষ্ঠ ১২৯৯
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন