রবীন্দ্রনাথ ঠাকুর
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী ৷
তীরে ব’সে যায় যে বেলা মরি গো মরি ৷
ফুল-ফোটানো সারা করে বসন্ত যে গেল সরে,
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি? ৷
জল উঠেছে ছলছলিয়ে ঢেউ উঠেছে দুলে—
মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে ৷
শূন্যমনে কোথায় তাকাস? সকল বাতাস সকল আকাশ
ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি ৷ ৷
শিলাইদহ
২৬ চৈত্র ১৩১৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন