রবীন্দ্রনাথ ঠাকুর
কাঁকন-জোড়া এনে দিলেম যবে,
ভেবেছিলেম, হয়তো খুশি হবে ৷
তুলে তুমি নিলে হাতের ’পরে,
ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক-তরে,
পরেছিলে হয়তো গিয়ে ঘরে—
হয়তো বা তা রেখেছিলে খুলে ৷
এলে যেদিন বিদায় নেবার রাতে
কাঁকনদুটি দেখি নাই তো হাতে,
হয়তো এলে ভুলে ৷ ৷
দেয় যে জনা কী দশা পায় তাকে,
দেওয়ার কথা কেনই মনে রাখে!
পাকা সে ফল পড়ল মাটির টানে
শাখা আবার চায় কি তাহার পানে?
বাতাসেতে-উড়িয়ে-দেওয়া গানে
তারে কি আর স্মরণ করে পাখি?
দিতে যারা জানে এ সংসারে
এমন ক’রেই তারা দিতে পারে
কিছু না রয় বাকি ৷ ৷
নিতে যারা জানে তারাই জানে,
বোঝে তারা মূল্যটি কোনখানে ৷
তারাই জানে, বুকের রত্নহারে
সেই মণিটি কজন দিতে পারে
হৃদয় দিয়ে দেখিতে হয় যারে—
যে পায় তারে পায় সে অবহেলে ৷
পাওয়ার মতন পাওয়া যারে কহে
সহজ ব’লেই সহজ তাহা নহে,
দৈবে তারে মেলে ৷ ৷
ভাবি যখন ভেবে না পাই তবে
দেবার মতো কী আছে এই ভবে ৷
কোন খনিতে কোন ধনভাণ্ডারে,
সাগর-তলে কিম্বা সাগর-পারে,
যক্ষরাজের লক্ষমণির হারে
যা আছে তা কিছুই তো নয় প্রিয়ে!
তাই তো বলি যা-কিছু মোর দান
গ্রহণ করেই করবে মূল্যবান
আপন হৃদয় দিয়ে ৷ ৷
আণ্ডেস জাহাজ
৩ নভেম্বর ১৯২৪ [:১৭ কার্তিক ১৩৩১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন