রবীন্দ্রনাথ ঠাকুর
জাগো রে, জাগো রে, চিত্ত, জাগো রে—
জোয়ার এসেছে অশ্রু- সাগরে ৷
কূল তার নাহি জানে, বাঁধ আর নাহি মানে,
তাহারি গর্জনগানে জাগো রে!
তরী তোর নাচে অশ্রু- সাগরে ৷ ৷
আজি এ উষার পুণ্য লগনে
উঠেছে নবীন সূর্য গগনে ৷
দিশাহারা বাতাসেই বাজে মহামন্ত্র সেই
অজানা যাত্রার এই লগনে
দিক হতে দিগন্তের গগনে ৷ ৷
জানি না, উদার শুভ্র আকাশে
কী জাগে অরুণদীপ্ত আভাসে ৷
জানি না, কিসের লাগি অতল উঠেছে জাগি—
বাহু তোলে কারে মাগি আকাশে
পাগল কাহার দীপ্ত আভাসে ৷ ৷
শূন্য মরুময় সিন্ধু- বেলাতে
বন্যা মাতিয়াছে রুদ্র খেলাতে ৷
হেথায় জাগ্রত দিন বিহঙ্গের গীতহীন
শূন্য এ বালুকালীন বেলাতে,
এই ফেনতরঙ্গের খেলাতে ৷ ৷
দুলে রে, দুলে রে, অশ্রু দুলে রে
আঘাত করিয়া বক্ষ- কূলে রে ৷
সম্মুখে অনন্ত লোক, যেতে হবে যেথা হোক—
অকূল আকুল শোক দুলে রে,
ধায় কোন দূর স্বর্ণ- কূলে রে ৷ ৷
আঁকড়ি থেকো না অন্ধ ধরণী—
খুলে দে, খুলে দে বন্ধ তরণী ৷
অশান্ত পালের ’পরে বায়ু লাগে হাহা ক’রে,
দূরে তোর থাক পড়ে ধরণী—
আর না রাখিস রুদ্ধ তরণী ৷ ৷
১১ পৌষ ১৩০৯
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন