রবীন্দ্রনাথ ঠাকুর
যখন যেমন মনে করি তাই হতে পাই যদি,
আমি তবে এক্ষনি হই ইচ্ছামতী নদী ৷
রইবে আমার দখিন ধারে সূর্য-ওঠার পার,
বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার,
আমি কইব মনের কথা দুই পারেরই সাথে—
আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে ৷ ৷
যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে
ঠিক তখনি গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে ৷
গাঁয়ের মানুষ চিনি— যারা নাইতে আসে জলে,
গোরু মহিষ নিয়ে যারা সাঁৎরে ও পার চলে ৷
দূরের মানুষ যারা তাদের নতুনতরো বেশ—
নাম জানি নে, গ্রাম জানি নে, অদ্ভুতের এক-শেষ ৷ ৷
জলের উপর ঝলোমলো টুকরো আলোর রাশি—
ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি ৷
নীচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ
সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ ৷
কোণে কোণে আপন-মনে করছে তারা কী কে,
আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে ৷ ৷
গাঁয়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি,
বাকি কোথায় হারিয়ে যাবে আমিই সে কি জানি ৷
এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরন শুধু,
আর-এক ধারে বালুর চরে রৌদ্র করে ধূ ধূ ৷
দিনের বেলায় যাওয়া আসা, রাত্তিরে থম-থম—
ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছম-ছম ৷ ৷
২৩ আশ্বিন ১৩২৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন