রবীন্দ্রনাথ ঠাকুর
ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি ৷
তোমার আকাশ, তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ৷
হৃদয়-কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে—
দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ৷ ৷
সকাল-সাঁঝে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে ৷
শুনব কি আর বুঝব কিবা, এই তো দেখি রাত্রিদিবা
ঘরেই তোমার আনাগোনা—পথে কি আর তোমায় খুঁজি ৷ ৷
শান্তিনিকেতন
২ চৈত্র ১৩২০
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন